আরও এক বছর ঘরে বসেই কাজ করবে গুগলের ২ লাখ কর্মী

২৮ জুলাই, ২০২০ ১১:০১  
করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই ঘরে বসেই চাকরি করছিলেন গুগলের বেশিরভাগ কর্মী। এবার নতুন করে আরও এক বছর অর্থাৎ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ বাড়াল ইন্টারনেট সার্চ জায়ান্ট। ইমেইলের মাধ্যমে কর্মীদেরকে সময় বাড়ানোর এই বার্তা দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। সেখানে তিনি লিখেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী কর্মীদের বিশ্বব্যাপী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ঘরে বসে কাজ করার মেয়াদ বাড়ানো হলো। এর ফলে অফিসে আসার আর দরকার হচ্ছে না। ’ সোমবার (২৭ জুলাই) ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রায় ২ লাখ গুগলের কর্মী ও বিশ্বব্যাপী তাদের কনট্রাকটরদের বাসায় কাজ করার সময় বাড়ানো হয়েছে। যেটির মেয়াদ মূলত আসছে জানুয়ারিতে শেষ হতো।